বিজিবির তল্লাশিচৌকিতে ট্রাক, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি তল্লাশিচৌকিতে একটি ট্রাক ঢুকে পড়লে বিজিবির এক সদস্যসহ দুজন নিহত হন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চৌদ্দগ্রাম ও নীলফামারীর ডিমলায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: বিজিবির গোদাগাড়ীর সুলতানগঞ্জ তল্লাশিচৌকিতে ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন। গতকাল ভোরে প্লাস্টিকের ড্রামবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই তল্লাশিচৌকিতে ঢুকে যায়। এতে সেখানে কর্মরত ওই ব্যাটালিয়নের নায়েক নয়ন মিয়া ও ট্রাকটির চালক বকুল নিহত হন। নয়ন মিয়ার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় এবং বকুলের বাড়ি ঢাকার সাভারে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় শুক্রবার গভীর রাতে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চাঁদপুরের রবিউল (২০)। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মাছুম (২৫), আক্তার (২৫), নুরুল ইসলাম (৩৫), ঝরনাসহ (১৮) অজ্ঞাত আরও তিনজন একই হাসপাতালে চিকির্যাসাধীন। নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শ্যামল কান্তি জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নীলফামারী: ডিমলা উপজেলার হাইস্কুলপাড়া এলাকায় গত শুক্রবার ইজি বাইকের চাপায় পারভেজ (৭) নামের প্রথম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সে ডিমলার সর্দারহাট গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ ইজিবাইকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।