বিজিবির দুই সদস্যের প্রাণ কাড়ল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবির দুই সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হলেন সৈনিক আল আমিন (১৯) ও রুবেল হোসেন (২০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রজ্জব আলীর ভাষ্য, আজ দুপুরে পাশাপাশি দুটি মোটরসাইকেলে বিজিবি​র ওই দুই সদস্য ফুলবাড়ী বিজিবি ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। রাঙ্গামাটি এলাকায় পৌঁছালে রংপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তাঁরা ঘটনাস্থলে নিহত হন।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ বলেন, আজ দুপুরে জেলার নবাবগঞ্জ উপজেলায় চোরাইপথে আনা দুটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেন বিজিবির সদস্যরা। আল আমিন ও রুবেল ওই মোটরসাইকেল দুটি চালিয়ে ক্যাম্পে নিয়ে আসার পথে এ দুর্ঘটনায় পড়েন।

ক্যাম্প অধিনায়ক আরও বলেন, নিহত দুজনের লাশ বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। এলাকাবাসী ওই ট্রাকটি আটক করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।