বিজিবির ধাওয়ায় মোটরসাইকেল আরোহী নিহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির বালুতুপা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে।
তোফাজ্জল হোসেনের (৩৫) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নাওহাটি গ্রামে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সন্দেহে বিজিবির সদস্যরা মোটরসাইকেল আরোহী তোফাজ্জল হোসেনকে কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ধাওয়া করে বালুতুপার মনাগ্রাম এলাকা পর্যন্ত নিয়ে আসেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তোফাজ্জল মোটরসাইকেল নিয়ে পুকুরে পড়ে যান। কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিজিবির টহল দল কোনো মাদক ব্যবসায়ীকে তাড়া করেনি।’