বিজিবির নিখোঁজ সুবেদারের সন্ধান পাওয়া যায়নি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিখোঁজ বিজিবির পাইনছড়ি সীমান্তচৌকির (বিওপি) অধিনায়ক নায়েক সুবেদার মিজানুর রহমানের সন্ধান গতকাল বৃহস্পতিবারও পাওয়া যায়নি। অস্ত্রসহ তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।
তবে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা দাবি করেছেন, গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর রহমানকে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তের ওপারে নিয়ে গেছে। গত বুধবার সকালে বিজিবির টহল দলকে লক্ষ্য করে বিজিপির বিনা উসকানিতে গুলিবর্ষণের পর থেকে মিজানুর রহমান নিখোঁজ হয়েছেন।
বিজিপির গুলিবর্ষণ ও বিজিবি সুবেদার মিজানুর রহমান নিখোঁজের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দোছড়ির লেমুছড়ি ও পাইনছড়ি এলাকায় বিজিবি টহল ও জনবল বাড়িয়েছে এবং ব্যাটালিয়ন ও সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।
বিজিবির কর্মকর্তারা বলেছেন, বিজিপির অযাচিত কর্মকােণ্ড তাঁরা লিখিত ও মৌখিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। কিন্তু বিজিপি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আগামী ৩ জুন মংডুতে অনুষ্ঠেয় উপমহাপরিচালক পর্যায়ের বৈঠকও অনিশ্চিত হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি পাড়ার রহমত উল্লাহ বলেন, তাঁদের পাড়া এলাকায় নতুন স্থাপিত বিজিবি ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমানের নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য বুধবার ৫২ নম্বর সীমান্ত পিলারে টহলে যান। পিলারের গোড়ায় জাতীয় পতাকা ধরে মিজানুর রহমানসহ দুজন বিজিবি সদস্য ও পাইনছড়ি পাড়ার সৈয়দ আলম দাঁড়িয়ে ছিলেন। বিজিবির অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। জাতীয় পতাকা ধরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বিজিপি অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।
দোছড়ি ইউপির সদস্য আবু তাহের ও রহমত উল্লাহ নিখোঁজ নায়েক সুবেদার মিজানুর রহমানের সঙ্গে থাকা সৈয়দ আলমের উদ্ধৃতি দিয়ে বলেন, সৈয়দ আলম তাঁদের জানিয়েছেন, মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। তখন বিজিবির অন্য সদস্যরা পেছনে সরে গেলে বিজিপির সদস্যরা নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে এসে গুলিবিদ্ধ মিজানুর রহমানকে তুলে নিয়ে যান।
বিজিবির চট্টগ্রাম রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী পাইনছড়ি বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বিজিপির সঙ্গে যোগাযোগ হয়েছে। কিন্তু মিজানুর রহমানকে নিয়ে যাওয়ার কথা তারা অস্বীকার করেছে।