বিজিবির পরিচ্ছন্নতাকর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার সকালে পৃথক দুটি ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচ্ছন্নতা কর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (্এএসআই) আকবর আলী বিজিবির পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমানকে (৩২) রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান। এএসআই আকবর আলী ওই সময় সাংবাদিকদের জানান, তিনি আবদুর রহমানকে মতিঝিলের ওয়াপদা ভবনের সামনের সড়ক থেকে উদ্ধার করেছেন। আবদুর রহমান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলে তিনি শুনেছেন।বিকেলে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, এ ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী উৎসব পরিবহনের একটি বাস ও এর চালক বাবুলকে আটক করা হয়েছে। ওসি বলেন, বাবুল পুলিশকে জানিয়েছেন, ইত্তেফাক মোড়ে তাদের ঢাকা-নারায়ণগঞ্জ সরাসরি বাসে উঠতে গিয়ে পড়ে যান আবদুর রহমান। তখন বাসের পেছনের চাকার ধাক্কায় তিনি কোমরে গুরুতর আঘাত পান। বাবুল বলেন, তাঁদের বাস পথে কোনো যাত্রী ওঠায় না। কিন্তু পথের মধ্যে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বিজিবির ওই কর্মী। এ তথ্য জানানোর পর ওসি ফরমান আলী বলেন, ‘ঘটনা খতিয়ে দেখছি।’ সূত্র জানায়, গতকাল প্রায় একই সময়ে তেজগাঁও থানার সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক থেকে রানী বেগম (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারকারী তেজগাঁও থানার এসআই নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। নিহত রানীর গ্রামের বাড়ি নরসিংদীতে।