বিজিবির পাহারায় ১২ ঘণ্টায় ৩০ হাজার যান চলাচল
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১২ ঘণ্টায় ৩০ হাজারের বেশি যানবাহনকে ১৩টি মহাসড়ক ও বড় সেতু অতিক্রম করতে সহায়তা করেছেন। গত শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় পাঁচটি অঞ্চলে ৮৬টি তেলবাহী ট্যাংকারকেও পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছে বিজিবি।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, সীমান্ত পাহারা দেওয়া বিজিবির প্রধান কাজ হলেও আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করাও দায়িত্ব। এর আগে বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা ও সন্ত্রাসীদের কবল থেকে জনসাধারণের জানমাল রক্ষা করে বিজিবি সবার আস্থা অর্জন করেছে।
বর্ডার গার্ড আইন, ২০১০-এর ১১(১) ধারায় বিজিবির কার্যাবলি সম্পর্কে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহায়তা করা, সরকার কর্তৃক অর্পিত অন্য যেকোনো দায়িত্ব সম্পাদনা করা।’
বিজিবির কাজের প্রক্রিয়া সম্পর্কে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক বলেন, হরতাল বা অবরোধের মতো কর্মসূচি এলে বেসামরিক প্রশাসন থেকে বিজিবি চেয়ে চিঠি পাঠানো হয়। এটা জেলা প্রশাসকেরা মন্ত্রণালয়ের কাছে চান। মন্ত্রণালয় থেকে বিজিবিকে নির্দেশনা দেওয়া হলে বিজিবি তাদের সাধ্যমতো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহায়তাকারী হিসেবে কাজ করে বিজিবি।
জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন প্রথম আলোকে বলেন, চাহিদা দেওয়ার পর পাবনায় বিজিবি এসেছে। প্রশাসন তাদের যেখানে যেতে বলছে, তারা সেখানে যাচ্ছে। তাদের সব কাজই হচ্ছে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।
বিজিবি সূত্র জানায়, বর্তমানে দেশের ১৭টি জেলায় বিজিবি মোতায়েন আছে। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা যাচাই করে এসব সদস্যদের মোতায়েন করা হয়েছে। কিছু কিছু জায়গায় বিজিবিকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে। এসব জেলায় দুই হাজারের বেশি (৮৫ প্লাটুন) বিজিবি সদস্য মোতায়েন করা আছে, আরও দুই হাজারের মতো মজুত রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনটি স্থানে অভিযানে গেছে বিজিবি।
পরিসংখ্যান তুলে ধরে বিজিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিদিন বিজিবির সদস্যরা ৩০ হাজারের বেশি যানবাহন চলাচলে সহায়তা করছে।
বিজিবির হিসাবে বলা হয়, ১২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে ৪০টি যান চট্টগ্রামে এসেছে। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ঢাকায় এসেছে ৭ হাজার ৪২৩টি যান, রাজশাহী ও বগুড়া থেকে ঢাকায় এসেছে দেড় হাজার, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর থেকে এসেছে ১ হাজার ৩৮৮টি। সিলেট থেকে ঢাকায় এসেছে ২ হাজার ৩১১টি, ময়মনসিংহ থেকে ঢাকায় ১৮৭টি, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও কুমিল্লা থেকে ৫ হাজার ৬১০, যশোর, খুলনা অঞ্চল থেকে ঢাকায় এসেছে ৩ হাজার ২০টি, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে দেড় হাজার, বঙ্গবন্ধু সেতু থেকে ১ হাজার ৮৫০টি, পাটুরিয়া থেকে ৯১৮, মাওয়া থেকে ৪০৪ এবং কাঁচপুর থেকে ৩ হাজার ৭৬৪টি যান পাহারা দিয়ে আনা হয়েছে। একই সময়ে ঢাকা থেকে ৩৫টি যান, সরাইল থেকে ৪১ ও রংপুর থেকে ১০টি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিয়ে আনা হয়েছে।