চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
উপজেলার চরধরমপুর সীমান্তের ট্যাংগন মহনা এলাকায় গতকাল মঙ্গলবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিজিবি গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করে। বিএসএফ বলেছে, তারা ঘটনা তদন্ত করবে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী ও ভারতের পক্ষে ৩৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেস কুমার। বিএসএফ অভিযোগ করে, সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিরা বিভিন্ন স্থানে তারকাঁটার বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে। বিজিবি এ অভিযোগ অস্বীকার করে।
ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে গত রোববার বিএসএফের গুলিতে উপজেলার চানশিকারি গ্রামের সাইদুল ইসলাম (২৮) নিহত হন।