বিজিবির প্রহারে চোরাকারবারির মৃত্যুর অভিযোগ
সৈয়দপুর থেকে খুলনাগামী মেইল ট্রেনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রহারে এক চোরাকারবারির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনে পৌঁছালে জিআরপি থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ পাঠায়। নিহতের নাম জালাল হোসেন (৫৫)। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোয়াইপুর গ্রামে। সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জালাল হোসেন ১০ প্যাকেট ভারতীয় জিরা নিয়ে ওই ট্রেনের একটি বগিতে ওঠেন। কিছুক্ষণ পর জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের নায়েক সুবেদার গোপাল চন্দ্র, সিপাহি গোলাপসহ বিজিবির অপর সদস্যরা ওই বগিতে উঠে জালাল ও অপর চোরাকারবারিদের মারধর শুরু করে। ট্রেনযাত্রী সোহানুল ইসলাম, আনোয়ার হোসেন ও ফারুক হোসেন জানান, বিজিবি সদস্যরা পাঁচবিবি স্টেশন থেকে ট্রেনে ওঠেন। এ সময় তাঁরা অবৈধ মালামাল উদ্ধারের জন্য মারধর শুরু করলে অনেক চোরাকারবারি আহত হন। একপর্যায়ে জালাল হোসেন গুরুতর আহত হয়ে পড়েন এবং ট্রেনের বগিতেই মারা যান। বিকেল পাঁচটায় ট্রেনটি সান্তাহার স্টেশনে এলে সান্তাহার জিআরপি থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জিআরপি থানার ওসি সাইদুর রহমান জানান, ট্রেনযাত্রীরা তাঁর কাছে জানিয়েছে যে বিজিবি সদস্যদের মারধরে জালাল হোসেন মারা গেছেন। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, তদন্তে নিশ্চিত হওয়া গেছে বিজিবি সদস্যদের প্রহারে কোনো চোরাকারবারি মারা যায়নি। তিনি এটিকে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন।