বিজিবির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ছাড়পত্র থাকা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গরু আটক, চেয়ারম্যানদের সঙ্গে দুর্ব্যবহার ও লিখিতভাবে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সদর উপজেলার ১৬ জন ইউপি চেয়ারম্যান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন ও সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বলা হয়, করিডর করা ভারতীয় গরু কিনে গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে লালন-পালন করে। চেয়ারম্যানদের ছাড়পত্র নিয়ে কোরবানির পশুর হাটে বিক্রি করতে যাওয়ার পথে বিজিবি ওই সব গরু আটক করছে। অথচ সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে ভারতীয় গরু আটক করার নিয়ম রয়েছে। কিন্তু বিজিবি এ নিয়ম মানছে না।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক ১৯ সেপ্টেম্বর জেলা প্রশাসককে দেওয়া এক চিঠিতে উল্লেখ করেন, কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে আসা গরু ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কোনো প্রমাণ ছাড়াই বৈধতার ছাড়পত্র দিচ্ছেন। চোরাকারবারিদের সঙ্গে তাঁদের আঁতাত রয়েছে। এ ছাড়া বাড়িতে লালন-পালন করা গরু আটকের ব্যাপারে পাঁচজন ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জ বিজিবির সদর দপ্তরে অধিনায়কের সঙ্গে কথা বলতে গেলে অধিনায়ক তাঁদের অপমানজনক কথা বলে বের করে দেন।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজিবি বাড়িতে দীর্ঘদিন লালন-পালন করা ভারতীয় গরু আটক অব্যাহত রাখলে তাঁরা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে কর্মবিরতিও পালন করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিয়ন ফোরাম জেলা শাখার সভাপতি তসিকুল ইসলাম, নারায়ণপুর ইউপির চেয়ারম্যান আলমগীর কবির, রানীহাটি ইউপির চেয়ারম্যান দুরুল হোদা, বালিয়াডাঙ্গা ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর বলেন, ‘ভারতীয় গরুর ব্যাপারে ছাড়পত্র দেওয়ার এখতিয়ার ইউপি চেয়ারম্যানদের নেই। অনেক ক্ষেত্রেই তাঁরা চোরাচালানিদের সঙ্গে যোগসাজশে ভারতীয় গরুর ছাড়পত্র দিয়ে থাকেন। করিডর করা ও বাড়িতে লালন-পালন করা গরু আটক করা হয় না।’ দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ অন্যায় আবদার নিয়ে এলে সেটা মেনে না নেওয়াটা দুর্ব্যবহার নয়।’