বিজিবির বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিজিবির বিরুদ্ধে তল্লাশি, ওজন ও পণ্য পরীক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা এ স্মারকলিপি দেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। পরে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতারা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, কাস্টমস আইন ১৯৬৯-এর ৯ ও ১০ ধারায় বলা আছে, অনুমোদিত পথ ছাড়া অন্য পথে আনা পণ্য বা মালামাল চোরাচালান বলে চিহ্নিত হবে। অননুমোদিত পথে আনা পণ্য আটক করার ক্ষমতা বিজিবির রয়েছে। কিন্তু বৈধ পথে আনা পণ্যের দায়দায়িত্ব কাস্টমের। বিজিবি ভোমরা বন্দর দিয়ে আমদানি করা পণ্য কোনোভাবেই পরীক্ষা-নিরীক্ষা, ওজন দেখা বা ভয়ভীতি প্রদর্শনের বৈধতা রাখে না। সংস্থাটি আইন লঙ্ঘন করায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ভোমরা বন্দর থেকে ব্যবসা গুটিয়ে সোনা মসজিদসহ অন্যান্য বন্দরে চলে যাচ্ছেন। এতে ভোমরা বন্দরের রাজস্ব আয়ে ধস নেমেছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিজিবির সদস্যরা ভারত থেকে আমদানি করা দুটি পানের চালান আটক করে। বৈধ পথে আনা হলেও এ ব্যাপারে বিজিবি সাতক্ষীরা সদর থানায় চোরাচালান ও শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করে। গত শনিবার আদালত ওই দুটি চালান বৈধ পথে আনা ও এর অনুকূলে যথাযথ শুল্ক পরিশোধ করা হয়েছে মন্তব্য করে তা আমদানিকারককে ফেরত দেওয়ার আদেশ দেন।
স্মারকলিপিতে পান আটকের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বন্দরে বিজিবির অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে ১৬ এপ্রিল চার ঘণ্টা, ১৭ এপ্রিল পাঁচ ঘণ্টা কর্মবিরতি ও ১৮ এপ্রিল নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলা হয়।