চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে গত মঙ্গলবার দুপুরে দুই শুল্ক কর্মকর্তাকে পিটুনির ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ৷ জড়িত বিজিবি সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা৷
মামলা না নেওয়ার ব্যাপারে দর্শনার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দাবি করেন, শুল্ক কর্মকর্তারা লিখিত অভিযোগ নিয়ে থানায় এলেও তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে আলাপের পর মামলা না করেই ফিরে গেছেন৷ বিষয়টি আপস হয়ে গেছে বলে শুনেছি৷’
ওসির বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিজিবি সদস্যদের হাতে লাঞ্ছিত দর্শনা কাস্টম বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন৷ গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘বিজিবি সদস্যদের হাতে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ১২টায় পোড়াদহ রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করতে যাই৷ ওসি এনামুল হক আমাকেসহ সঙ্গে থাকা শুল্ক পরিদর্শক নাফিউল ইসলাম, এ টি এম ফয়জুল রাজ্জাক ও দুজন সেপাইকে টানা দুই ঘণ্টা সেখানে বসিয়ে রাখার পর জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা নেওয়া যাবে না৷ কারণ হিসেবে তিনি জানান, ওপর মহল থেকে খবর পেয়েছি, বিষয়টি আপস হয়ে গেছে৷ তাই মামলার প্রয়োজন নেই৷’
বিচার িবভাগীয় তদন্তের দাবি: দুই শুল্ক কর্মকর্তাকে পিটুনির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ, অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন৷ গতকাল ঢাকার সেগুনবাগিচায় সংগঠনের আহ্বায়ক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক সভায় ওই দাবি জানানো হয়েছে৷ ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়৷
বিভাগীয় তদন্ত শুরু: বিজিবির যশোর অঞ্চলের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবারের বৈঠকে শুল্ক বিভাগের নির্যাতিত কর্মকর্তাদের কাছে বিজিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলে শুল্ক কর্মকর্তাদের জানানো হয়েছে৷ এরপর কারও অসন্তোষ থাকার কথা নয়৷’