বিজিবির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্ট ক্যাম্পের এক সদস্যের বিরুদ্ধে দুই ব্যক্তিকে আটকের পর মাদকদ্রব্য আইনে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে দুই ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত বিজিবির গোয়েন্দা সদস্য আলী হোসেনের অপসারণ, শাস্তি ও দুজনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও একই দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।
২০ সেপ্টেম্বর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের সজল মল্লিক (৩০) ও ২২ সেপ্টেম্বর মধ্য বাসুদেবপুর গ্রামের নাহিদ হোসেনের (৩৫) নামে মামলা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সজলের বড় ভাই আশরাফুল মল্লিক বলেন, হিলি তল্লাশি চৌকির উত্তর-পূর্ব পাশে তিনটি পুকুর, একটি মুরগির খামার ও বাগানবাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন সজল। ২০ সেপ্টেম্বর ভোরে মাকে নিয়ে তিনি পুকুরে মাছের খাবার দিতে গেলে আলী হোসেন কৌশলে তাঁকে ডেকে ক্যাম্পে নিয়ে যান। এরপর না ছাড়ায় সজল তাঁর চাচা টগর মল্লিককে মুঠোফোনে বিষয়টি জানান।
চাচা তখন ক্যাম্পে গিয়ে সজলের অপরাধ কী, তা জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘একটু পরে বুঝতে পারবেন, ওকে কী করব।’ এরপর বিজিবির পিকআপ ভ্যানে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানা গেছে, বিজিবি সজলকে ৫১ বোতল ফেনসিডিল দিয়ে পাঁচবিবি থানায় মামলা দিয়েছে।
নাহিদ হোসেনের বাবা আবদুল মজিদ অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর আলী হোসেন কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদকে জোরপূর্বক ধরে ক্যাম্পে নিয়ে যান। কিছুক্ষণ পরই তাঁকে পাঁচবিবির আটাপাড়া ক্যাম্পে আটক দেখিয়ে ২০ বোতল ফেনসিডিল দিয়ে পাঁচবিবি থানায় তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও আজাহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দুটি অভিযোগপত্র পেয়েছি। আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবির কোম্পানি কমান্ডার মো. আতাহার আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ ব্যাপারে তাঁর পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব নয়।