বিজিবির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সীমান্ত অতিক্রম করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর খানপুর ক্যাম্পের সদস্যরা তাকে নির্যাতন করেন। তবে বিজিবি এই অভিযোগ অস্বীকার করেছে৷
শিশুটির নাম রাজীব হোসেন (৯)। তার বাবার নাম আতারুল ইসলাম। তার পরিবারের দাবি, রাজীব সকালে মাদ্রাসা থেকে পড়ে আসছিল। একেবারে ভারতীয় সীমান্তে বাড়ি হওয়ায় সে ভারতীয় এলাকার ভেতর দিয়ে আসছিল। এ সময় বিজিবির সদস্যরা তাকে ধরে বেদম পেটান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বিজিবির ভয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পারেননি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, বিজিবির সদস্যরা এলাকার দুলালের বাড়ি থেকে তাঁর একটি গরু ও একটি ছাগল ধরে নিয়ে গেছেন৷
এ ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপরে চড়াও হয়। এ সময় বিজিবির সদস্যরা দুটি ফাঁকা গুলি করলে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়।
রাজশাহী-৩৭ বিজিবির অপারেশন অফিসার মেজর এইচ কামরুল হাসান বলেন, সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন রাখাল গরু-ছাগল নিয়ে চরখানপুর সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে এলে তারা প্রতিবাদ জানায় এবং গুলি চালানোর হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে টহলরত বিজিবির সদস্যরা গিয়ে তাদের নিজেদের সীমানার মধ্যে আনার চেষ্টাকালে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় গ্রামবাসী বিজিবির সদস্যদের ওপর চড়াও হলে দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ তিনি শিশু নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সেখানে এ রকম কোনো ঘটনা ঘটেনি।
পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, ভারতীয় সীমান্ত থেকে গরু-ছাগলসহ কয়েকজন রাখালকে নিয়ে আসার সময় একজনকে মারপিট করে বিজিবির সদস্যরা৷ এতে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁরা বিজিবির ওপর হামলা করার চেষ্টা করেন। এ সময় কয়েকটি গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।