বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার যত্ন মোহন কার্বারিপাড়া থেকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আদিবাসীরা। গতকাল বৃহস্পতিবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০ মার্চের মধ্যে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা বলেন, জুম্ম জনগোষ্ঠী বারবার নিজ বসতভিটা থেকে উচ্ছেদ হয়েছে। প্রতিকূল পরিস্থিতির কারণে অসংখ্য আদিবাসী পরিবার বাধ্য হয়ে ভারতে শরণার্থী হয়েছে। অনেকে ফিরে এলেও এখনো বসতভিটা ফেরত পায়নি।
দীঘিনালা উপজেলা সদর, বাবুছড়া নতুন বাজার, নোয়াপাড়া, বাঘাইছড়িমুখ, উদালবাগান, বড়াদম, পুকুরঘাট, কার্বারিটিলা, আমতলী, শান্তিপুর নারকেলবাগান, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় এসব মানববন্ধন হয়।
আয়োজকেরা জানান, গতকাল সকাল ১০টার পর দীঘিনালা থেকে বাবুছড়া পর্যন্ত সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন আদিবাসীদের সংগঠনের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।
দীঘিনালা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব ধর্ম জ্যোতি চাকমা প্রমুখ।