বিজিবির ভেতরের সড়ক উন্মুক্ত করার দাবি
রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের ভেতর দিয়ে যাওয়া সড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি উঠেছে।
ঢাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) জন্য জনমত যাচাইয়ের উদ্দেশে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকার নিউমার্কেটে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দীন আহমেদ বলেন, সীমান্ত স্কয়ারের পাশ থেকে বিজিবি সদর দপ্তরের ভেতর দিয়ে যাওয়া এই সড়ক যদি সবার জন্য উন্মুক্ত করে দিয়ে আজিমপুর কবরস্থানের উত্তর পাশে সংযুক্ত করা হয়, তাহলে মিরপুর রোডের ওপর চাপ কমবে। এতে করে জিগাতলা, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বসবাসরতদের জন্য একটি বিকল্প সড়ক তৈরি হবে, যা এই অঞ্চলের যানজট কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
এ বিষয়ে ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, রাজধানীর নিউমার্কেটসহ এই অঞ্চলের যানজট নিরসনে মিরপুর রোডের বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহারের কথা ঢাকার বিদ্যমান ড্যাপ ও কৌশলগত পরিবহন পরিকল্পনায় উল্লেখ আছে।