বিজিবির মহাপরিচালক আবারও বললেন, আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল আজিজ আহমেদ
মেজর জেনারেল আজিজ আহমেদ

বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কোনো সদস্য আক্রান্ত হলে আত্মরক্ষার্থে বিজিবি অবশ্যই গুলি চালাবে বলে আবারও মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিজিবির নবনির্মিত সীমান্ত চৌকি (বিওপি) উদ্বোধনকালে বিজিবির মহাপরিচালক এ মন্তব্য করেন ।

এর আগেও আজিজ আহমেদ বলেছিলেন, আক্রান্ত হলে বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়বে।

আগে​র বক্তব্যের পুনরাবৃত্তি করে বিজিবির মহাপরিচালক বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বিজিবির কোনো সদস্য আক্রান্ত হলে আত্মরক্ষার্থে বিজিবি অবশ্যই গুলি চালাবে। তিনি বলেন, ‘প্রয়োজনে নাশকতা প্রতিরোধে বিজিবি আরও কঠোর অবস্থানে যাবে।’ 

আজিজ আহমেদ আরও বলেন, ‘সীমান্ত প্রহরাসহ বিজিবি পাঁচটি মৌলিক কাজ করে থাকে। এ ছাড়াও সরকারের নির্দেশে দেশের স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ করতে সব সময় প্রস্তুত আছে।’ 

এ সময় বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, কুষ্টিয়ার সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. জাবেদ সুলতান, ৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।