বিজিবির মারধরের ঘটনা টেকনাফ-কক্সবাজার সড়কে চার ঘণ্টা যানচলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল শনিবার প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে টেকনাফ স্থলবন্দরের মালামাল সরবরাহ ব্যাহত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা লোকজনকে মারধর এবং দুজনকে আটকের ঘটনায় বিক্ষুব্ধ জনতা উপজেলার নীলা এলাকায় সড়কে ব্যারিকেড দিলে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে কক্সবাজার থেকে টেকনাফগামী এবং টেকনাফ থেকে কক্সবাজারগামী দেড় শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।স্থানীয় লোকজন জানায়, গতকাল সকাল সাতটার সময় মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা উপজেলার নীলা ইউনিয়নের মোচনি গ্রাম থেকে ছয়জন রোহিঙ্গাকে আটক করেন। ওই সময় এক রোহিঙ্গা নারী উৎকোচ না দিয়ে দৌড়ে স্থানীয় জাফর আলমের বাড়িতে আশ্রয় নেন। বিজিবির সদস্যরা রোহিঙ্গা নারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির গৃহকর্ত্রী ফাতেমা বেগমকে (৩৫) মারধর করেন এবং রোহিঙ্গা নারীকে (ছখিনা খাতুন) আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে জাফর আলম ও তাঁর ছেলে আবুল কালামকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সকাল ১০টায় টেকনাফ-কক্সবাজার সড়কে ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বেলা দুইটায় টেকনাফ থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তুলে দেন।