বিজিবির লাঠিপেটায় পাথর শ্রমিকের মৃত্যু!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের লাঠিপেটায় এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শ্রমিকের নাম মুছাব্বির (৪৫)। তিনি বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মুছাব্বির শুক্রবার রাত ১০টার দিকে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে পাথর উত্তোলন করতে যান। এ সময় তিনি নদীর ভারত সীমানার দিকে এগোলে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। প্রাণে বাঁচতে তিনি নদীতে ঝাঁপ দেন। অন্য শ্রমিকেরা ঘণ্টা খানেক পর নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন।পাথর তোলায় মুছাব্বিরকে সহযোগিতা করতে সঙ্গে গিয়েছিল তাঁর ছেলে বাতেন মিয়া (১০)। সে জানায়, বিজিবির সদস্যরা তার বাবাকে বেধড়ক লাঠিপেটা করে। মাথা ও কানে গুরুতর আঘাত পেয়ে তিনি পানিতে ঝাঁপ দেন।নাম প্রকাশে অনিচ্ছুক যাদুকাটা নদীতে পাথর সংগ্রহকারী এক শ্রমিক জানান, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যদের নৌকাপ্রতি ২০০ টাকা করে দিলে তাঁরা রাতের বেলায় শ্রমিকদের পাথর সংগ্রহের সুযোগ দেন। এভাবে প্রতি রাতে হাজারের বেশি বারকি নৌকা নিয়ে রাতে পাথর সংগ্রহ করে আসছেন শ্রমিকেরা। গতকাল টাকা না দেওয়ায় মুছাব্বিরকে পিটিয়ে নদীতে ফেলানো হয়।নিহতের স্বজন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যদের দায়ী করে মামলার প্রস্তুতি চলছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান বলেন, নিহতের বাঁ কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ব্যাপারে সুনামগঞ্জ বিজিবির ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুবক্কর সিদ্দিকী বলেন, মুছাব্বির মিয়া রাতে ভারত থেকে চোরাইপথে পাথর আনতে গিয়ে বিএসএফের ধাওয়া খান। পালানোর সময় নৌকা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।