বিজিবির শীর্ষ কর্মকর্তাদের পদবি উন্নীত করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ কর্মকর্তাদের পদবি উন্নীত করা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বাহিনীর কমান্ডারস কনফারেন্সে মন্ত্রী এ কথা বলেন।
কনফারেন্সে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে তুলনা করে বিজিবির মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের পদবি এক ধাপ উন্নীত করে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলে করার দাবি ওঠে। দাবিটি তোলেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
এই দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএসএফের সঙ্গে তুলনা করবেন না। এটা বিরাট বাহিনী। সেটা বাদ দেন। বিমান ও নৌবাহিনীর পদবি উন্নীত হয়েছে। আপনাদেরটাও হবে, হওয়া উচিত।’
বিজিবির উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল কাজী অনিরুদ্ধ বলেন, ২০১৫ সালের পে-স্কেলে প্রেষণ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আর্মি থেকে বিজিবিতে যাঁরা আসেন, তাঁরা আর্মির থেকে অনেক বেশি কাজ করেন। কিন্তু প্রেষণ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় আর্মি থেকে এখানে আসার উৎসাহ হারিয়ে ফেলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেতন দ্বিগুণ করার পর ভাতা সংকোচন করা হয়েছে। এই যুক্তির পক্ষে মন্ত্রণালয়কে লিখে পাঠালে বিষয়টি বিবেচনা করা হবে। কনফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, দুই অতিরিক্ত মহাপরিচালক, ৩০টি ইউনিটের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।