বিজিবির শীর্ষ কর্মকর্তাদের পদবি উন্নীত করার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ কর্মকর্তাদের পদবি উন্নীত করা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বাহিনীর কমান্ডার্স কনফারেন্সে মন্ত্রী এই মত দেন।
কনফারেন্সে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে তুলনা করে বিজিবির মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের পদবি এক ধাপ উন্নীত করার দাবি জানানো হয়। বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান এই দাবি তোলেন।
দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মতামত জানান। তিনি বলেন, ‘বিএসএফের সঙ্গে তুলনা করবেন না। এটা বিরাট বাহিনী, বিরাট। সেটা বাদ দেন। বিমান ও নৌ বাহিনীর পদবি উন্নীত হয়েছে। আপনাদেরটাও হবে, হওয়া উচিত।’
কনফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবির দুই অতিরিক্ত মহাপরিচালক, ৩০টি ইউনিটের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।