বিজিবির সঙ্গে চোরাচালানিদের সংঘর্ষ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার শিকড়ী বটতলা এলাকায় গতকাল শুক্রবার সকালে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জওয়ানদের সঙ্গে চোরাচালানি চক্রের সদস্যদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় চোরাচালানিদের ছোড়া ইটের আঘাতে দুই জওয়ান আহত হন। তাঁরা হলেন ল্যান্স নায়েক আবু বকর সিদ্দিক ও সেপাহি বাবুল হোসেন। ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তায়েফ উল জানান, শিকড়ী বটতলার ইটের ভাটার সামনে ৫০-৬০ জনের একটি দল চোরাই মালামাল নছিমনে তুলছিল। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিজিবি চোরাচালানিদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার চোরাই মাল জব্দ করেছে।