হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের ১৬৮ জন বনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তার ভয়ে গত শনিবার সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেন। গতকাল রোববার বিজিবি তাঁদের ফিরিয়ে এনেছে।
কালেঙ্গা বন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেববর্মা নামের বনকর্মীদের একজন নেতা দীর্ঘদিন কাজে অনুপস্থিত ছিলেন। বন বিভাগের এক কর্মকর্তা তাঁকে যোগদানের জন্য চাপ দিলে বনকর্মীদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ওই বনকর্মীরা ভারতে চলে যান।
দেববর্মা অভিযোগ করেন, বন বিভাগের লোকজন তাঁদের ওপর অত্যাচার করে আসছেন। অত্যাচারের ভয়ে তাঁদের লোকজন ভারতে আশ্রয় নেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, রেমা-কালেঙ্গা সীমান্তবর্তী অভয়ারণ্যে বাংলাদেশের বন বিভাগে টিপরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহস্রাধিক লোক অনেক আগে থেকে বনকর্মী হিসেবে কাজ করে আসছেন। তাঁরা বনের জমিতেই বাস করেন। বন বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে গত শুক্রবার সকালে দেববর্মা নামের এক বনরক্ষীর কাজ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বনকর্মীরা ওই বন কর্মকর্তার বাসভবন ঘিরে রাখেন। বনের নিরাপত্তারক্ষীরা এ সময় চার বনকর্মীকে আটক করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে ১৬৮ জন বনকর্মী তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে চুনারুঘাটের দেবরা বাড়ি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। পরদিন শনিবার তাঁরা ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরে চম্পাহেয়ার এলাকায় আশ্রয় নেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতা চান। খবর পেয়ে বিজিবি তাঁদের সঙ্গে যোগাযোগ করে। গতকাল দুপুরে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘ওই বনকর্মীরা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। পরে আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনি। এ ঘটনার পেছনে কারও ইন্ধন আছে। ইন্ধনদাতারা তাঁদের ভুল বুঝিয়ে ভারতে পাঠাতে চেয়েছিল।’
চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিল বলেন, তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।