বিজিবি-বিএসএফ চার দিনের সীমান্ত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন গতকাল শুক্রবার শুরু হয়েছে। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শুরু হওয়া এই সম্মেলন আগামী সোমবার পর্যন্ত চলবে। খবর বাসসের।
চার দিনের এই সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি, বাংলাদেশিদের অপহরণ, আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও গোলাবারুদ পাচার, ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলি, অ্যালকোহল, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক পাচার বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের দেড় শ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ ও উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হবে এ সম্মেলনে।
সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠকের নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দিয়েছে।
আগামী সোমবার আলোচনার যৌথ দলিলে স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ৩০ ডিসেম্বর বিএসএফের প্রতিনিধিদল ঢাকা ছেড়ে যাওয়ার কথা।