বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন গতকাল বুধবার থেকে ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুই পক্ষের বৈঠক শুরু হবে। ১৬ মে যৌথ দলিল সইয়ের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
সম্মেলন উপলক্ষে বিএসএফের মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল গতকাল ঢাকায় পৌঁছায়। এ প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন এলাকার মহাপরিদর্শকেরা (আইজি) এবং ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিভিন্ন আঞ্চলিক কমান্ডার, সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালকেরা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা ও আহত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে মাদকদ্রব্যের চোরাচালান এবং অস্ত্র ও বিস্ফোরক পাচার বন্ধ করা, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণকাজে সহায়তাসহ কয়েকটি বিষয়।
সীমান্ত সম্মেলন উপলক্ষে গতকাল সন্ধ্যায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি-বিএসএফ প্রীতি কাবাডি ম্যাচে জিতেছে বিএসএফের দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) নয় সদস্যের একটি প্রতিনিধিদলও বাংলাদেশ সফর করছে। তাঁরা আজ বিজিবি পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। বাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালকের স্ত্রী রেনু শর্মা। অপরদিকে সীপকস প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালকের স্ত্রী বেগম দিলশাদ নাহার আজিজ।