বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে৷ আজ মঙ্গলবার ওই বৈঠক হওয়ার কথা ছিল৷
এদিকে বিজিবি নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বললেও স্থানীয় লোকজন বলছেন, পরিিস্থতি এখনো থমথমে রয়েছে৷
গত বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিপির গুলিতে নিহত হন বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান৷ গতকাল সোমবার কুমিল্লার দেবীদ্বারে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়৷
মিজানুর নিহত হওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এ প্রেক্ষাপটে আজ মঙ্গলবার বিজিবি ও বিজিপির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল৷ বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী জানান, সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক মঙ্গলবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে৷ বিজিপির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে সময় পরিবর্তন করে বৈঠকে বসার বিষয়টি জানানো হয়েছে৷
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিয়ানমারের আরাকান রাজ্যের মংডুতে ওই বৈঠক হবে৷ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেবেন কক্সবাজার সেক্টরের অধিনায়ক কর্নেল ফরিদ হাসান৷ বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিজিপির বিনা উসকানিতে গুলিবর্ষণসহ বিভিন্ন বিষয় জোরালোভাবে উত্থাপন করা হবে৷
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান জানান, সীমান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আগামী বৃহস্পতিবার বৈঠকের পর পরিস্থিতির আরও উন্নতি হবে।
তবে সীমান্তের লেমুছড়ি ও পাইনছড়ি এলাকার লোকজন বলেছেন, পরিস্থিতি এখনো থমথমে অবস্থায় রয়েছে৷ সীমান্তঘেঁষা জায়গার বাসিন্দারা রাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে থাকছেন৷