বিজু উৎসব উদ্যাপনে কাপড়ের দোকানে তরুণীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন ঝুমা চাকমা। সংসারে অনেক টানাপোড়েনের মধ্যে তাঁকে চলতে হয়। কিন্তু বিজু উৎসব উপলক্ষে তাঁর একমাত্র মেয়ের জন্য নতুন পোশাক কিনতেই হবে। গত শুক্রবার সন্ধ্যার আগে মেয়ের জন্য কাপড় কিনতে খাগড়াছড়ি বাজারের বিভিন্ন দোকানে ঘুরছিলেন।শুধু ঝুমা চাকমাই নন, এখন পাহাড়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিজু উৎসব উপলক্ষে কেনাকাটার ধুম।জেলা শহরের খাগড়াছড়ি বাজার ঘুরে দেখা যায়, উৎসব উপলক্ষে কাপড়ের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। নানা বয়সের নারীরা তাঁদের পছন্দের কাপড় কিনছেন। খাগড়াছড়ি বাজারে কেনাকাটা করতে আসা তরুণী খবংপড়িয়া গ্রামের জেলী চাকমা ও সুনন্দা চাকমা, গঞ্জপাড়ার আনেন্দা মারমা ও উক্র মারমা একই সুরে জানান, উৎসবে অবশ্যই পছন্দের পোশাক পরা চাই। বাজারের বিভিন্ন দোকান ঘুরে পছন্দের কাপড় কিনে মনের মতো ডিজাইনে পোশাক তৈরি করবেন তাঁরা। তরুণীরা সবাই অভিমত দিয়ে জানান, উৎসবে অবশ্যই উজ্জ্বল বর্ণের পোশাক পরতে হবে। খাগড়াছড়ি বাজারের পানখাইয়া পাড়া সড়কের চৌধুরী বার্মিজ স্টোরের স্বত্বাধিকারী উনুচিং চৌধুরী জানান, তাঁর দোকানে শুধু মারমা সম্প্রদায়ের পোশাক বিক্রি করা হয়। বিজু উৎসব উপলক্ষে তিনি বিভিন্ন মূল্যের মারমা নারীদের পরিধেয় পোশাক ‘থামি’ দোকানে তুলেছেন। এ মাসের শুরু থেকেই বিক্রি বেড়েছে। বাজারের মনিকা ক্লথ স্টোরের মালিক মো. ইদ্রিস জানান, উৎসব উপলক্ষে এ বছর বিক্রি ভালো হচ্ছে। বাজারের রফিক ক্লথ স্টোরের মালিক মো. শফি জানান, বিক্রি মোটামুটি ভালো। পানখাইয়াপাড়া সড়কের জ্যনাইন হ্যান্ড টেইলার্সের মালিক জ্যনাইন রাখাইন জানান, বিজুর আগে তিনি আর কোনো অর্ডার নিতে পারছেন না। যা অর্ডার হয়েছে, তা শেষ করতে পারছেন না।মহাজনপাড়ার ইউর চয়েস টেইলার্সের মালিক মো. ফারুক জানান, বিজুর আগে আর কোনো অর্ডার নেওয়া সম্ভব নয়। প্রতিদিন ৩০-৪০টি পোশাকের অর্ডার তাঁর দোকানে আসছে। চারজন সেলাইকর্মী নিয়ে তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ সমস্যার কারণে তাঁর কাজে ব্যাঘাত ঘটছে বলে তিনি জানান।খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাশ জানান, বিজু উৎসবের কেনাকাটা যাতে নির্বিঘ্নে হয়, কোনো ধরনের অঘটন না ঘটে, সে জন্য সমিতি বাজারে বিশেষ নজরদারি রাখছে। বাজারের ব্যবসায়ীরা চান শান্তিশৃঙ্খলার মধ্যে তাঁদের ব্যবসা চালু থাকুক।