বিজেএমসি হোল্ডিং কোম্পানি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে পরিণত করার উদ্যোগ থেকে সরে এল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি না করার ঘোষণা দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিজেএমসিতে ৮২ হাজার কর্মী রয়েছেন। তাই এটি বন্ধ না করে বন্ধ হওয়া কলকারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে চারটি বস্ত্রকল চালু করা হয়েছে। বিজেএমসি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বেহাত হওয়া জমিগুলো পুনরুদ্ধারে সরকার উদ্যোগ নিয়েছে।
এর আগে গত ৭ জুলাই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলরতন সরকার স্বাক্ষরিত একটি চিঠি বিজেএমসির চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়। তাতে বলা হয়, ‘শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য স্বার্থের পরিপন্থী হলে বিজেএমসিকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের কোনো পদক্ষেপ এই মন্ত্রণালয় গ্রহণ করবে না।’
৪ জুলাই প্রথম আলোতে ‘২৬ পাটকলে অস্থিরতা, বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করার উদ্যোগে শ্রমিক অসন্তোষ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত করে। বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করার উদ্যোগের বিরুদ্ধে বিভিন্ন সরকারি পাটকলে আন্দোলন শুরু হওয়ার বিষয়টি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চিঠিতে বিজেএমসিকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করার উদ্যোগের কারণ হিসেবে অর্থ বিভাগের শর্তের বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, ২০১১ সালের ৫ অক্টোবর অর্থ বিভাগ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিজেএমসির সর্বমোট দুই হাজার ৩৮৯ কোটি ৩৪ লাখ টাকা দায়দেনা শোধ করে এবং ভর্তুকি হিসেবে অর্থ দেয়। ওই অর্থ দেওয়ার আগে বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করার শর্ত দিয়ে অর্থ বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চিঠিতে আরও বলা হয়, হোল্ডিং কোম্পানি করার শর্ত বিজেএমসি মেনে নিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সম্প্রতি বিজেএমসির নগদ অর্থের প্রয়োজন হলে অর্থ বিভাগ আবারও ওই হোল্ডিং কোম্পানি করার শর্ত পালন না করলে নতুন করে অর্থ দেবে না বলে জানায়। এর পরিপ্রেক্ষিতেই হোল্ডিং কোম্পানি করার বিষয়টি তোলা হয়েছিল।