বিজেপি ও অগপর আপত্তিতে বিল ওঠেনি রাজ্যসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আসাম গণপরিষদের (অগপ) আপত্তিতে তালিকাভুক্ত হওয়ার পরও রাজ্যসভায় ভারতের সংবিধান সংশোধনী বিল পেশ করা যায়নি। গতকাল সোমবার ‘সংবিধান (১১৯তম সংশোধন) বিল, ২০১৩’ পেশ করার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের। বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন।
বিরোধীদলীয় সাংসদদের আপত্তিতে গতকাল গুরুত্বপূর্ণ বিলটি পেশ করা যায়নি। বিলটি কবে পেশ করা হবে জানতে চাইলে প্রথম আলোকে নিশ্চিতভাবে কিছু বলতে অপারগতা জানান সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্লা।
সংসদ সূত্রে জানা গেছে, রাজ্যসভার কার্যতালিকায় বিলটি স্থান পেয়েছে দেখে বিজেপি ও অগপের সদস্যরা গতকাল সকালে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির সঙ্গে কথা বলেন। বিরোধী সাংসদেরা রাজ্যসভার চেয়ারম্যানকে জানান, বিলটি নিয়ে সরকার তাঁদের সঙ্গে আলোচনা করেনি। তাই বিল নিয়ে ঐকমত্যও হয়নি। এ অবস্থায় বিলটি উত্থাপন করা ঠিক হবে না। ওই বৈঠকেই সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্লা জানিয়ে দেন, বিলটি আপাতত পেশ করা হচ্ছে না।
এর পরও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এ নিয়ে চেষ্টা চালিয়ে যান। গতকাল সভার বাইরে গিয়ে তিনি কথা বলেন বিরোধী নেতা অরুণ জেটলির সঙ্গে। অরুণ জেটলি তাঁকে বলেন, তাঁদের দলের সিদ্ধান্তই হলো বিলটির বিরোধিতা করা। কারণ, তাঁদের সঙ্গে বিলটি নিয়ে সরকার কোনো আলোচনাই করেনি। বিজেপির এ মনোভাবের পাশাপাশি অগপও তাদের অবস্থানে অটল থাকে। ফলে সরকার আপাতত বিলটি পেশ না করার সিদ্ধান্ত নেয়।
আসাম কংগ্রেসের এক শীর্ষ নেতা গতকাল প্রথম আলোকে বলেন, দলগতভাবে তো বটেই, রাজ্য সরকারের পক্ষেও এ চুক্তিকে সমর্থন করা হয়েছিল। কিন্তু বিজেপি ও অগপর তীব্র বিরোধিতার ফলে রাজ্য কংগ্রেসও এখন কিছুটা পিছু হটেছে। ভোটের আগে এ নিয়ে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কি না, ভাবা দরকার।