ভারতের আসন্ন নির্বাচনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা আছে বলে বিভিন্ন জরিপে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে কংগ্রেস হেরে গেলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসবে। সে ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান উষ্ণ সম্পর্ক বজায় থাকবে কি না, তা নিয়ে বাংলাদেশেও আগ্রহ তৈরি হয়েছে।
ভারতের বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে উষ্ণ। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের সময়ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভারত রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জুগিয়েছে।
ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগ, বিশেষ করে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশ উদারভাবে সহযোগিতা করেছে। কংগ্রেস সরকারও ভারতের সঙ্গে বাংলাদেশের বহুল আলোচিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন (মূলত ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়) এবং তিস্তার পানি চুক্তি করার সদিচ্ছা নিয়ে কাজ করে যাচ্ছে।
তবে বিজেপি এই সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিরোধিতা করে আসছে। আবার পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বাধায় তিস্তার পানিবণ্টন চুক্তি সই হচ্ছে না। তৃণমূল বিজেপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করছে। সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, এই জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন মেরুকরণ হতে পারে।
এই শঙ্কার মূলে আরও আছে বাংলাদেশ নিয়ে বিজেপির পররাষ্ট্রনীতি কী হবে, তা নিয়ে দলটি প্রকাশ্যে কিছুই বলছে না। তার মধ্যে সম্প্রতি আসামের করিমগঞ্জে এক নির্বাচনী জনসভায় ‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী’দের বিরুদ্ধে তদন্ত চালানোর ঘোষণা দেন বিজেপির সভাপতি রাজনাথ সিং। ফলে বিজেপি ক্ষমতায় গেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের রূপটি কী হবে, তা এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না।
এমন এক পরিস্থিতিতে সম্প্রতি দিল্লি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। প্রথম আলোর প্রশ্নের জবাবে তাঁরা দাবি করেছেন, ক্ষমতার পালাবদল হলেও বর্তমান উষ্ণতা বজায় রাখতে ভারতের সরকারি কর্মকর্তারা সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন।
গওহর রিজভী গত ১৩ মার্চ তিন দিনের জন্য এবং শহীদুল হক ১৯ মার্চ তিন দিনের জন্য দিল্লি সফর করেন।
দিল্লির কূটনৈতিক সূত্রে গতকাল বৃহস্পতিবার জানা গেছে, শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদল যদি হয়েই যায়, তবে সম্পর্কের মাত্রাটা কেমন হতে পারে, ঢাকার দুই জ্যেষ্ঠ কর্মকর্তা দিল্লি সফরের সময় এ সম্পর্কে একটি ধারণা পাওয়ার চেষ্টা করেছেন। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কংগ্রেস ও বিজেপির নেতাদের সঙ্গেও তাঁরা আলোচনা করেন। দুই দলের কর্মকর্তারাই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে প্রথম আলোর কাছে দাবি করেন গওহর রিজভী।
জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি গত রোববার দিল্লি থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা থাকে। তাই সম্পর্ক যে গতিতে রয়েছে, তা অব্যাহত রাখতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ থাকা প্রয়োজন। পরস্পরের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে। সেটি যথাযথভাবে মেনে চললে, ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কের কোনো ক্ষতি হয় না।
করিমগঞ্জে রাজনাথ যা বলেন: ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানায়, গত ৩০ মার্চ আসামের করিমগঞ্জে এক নির্বাচনী জনসভায় বিজেপির সভাপতি রাজনাথ সিং দাবি করেন, চার দশক ধরে আসামসহ ভারতের বিভিন্ন অংশে বাংলাদেশের একটি সম্প্রদায়ের লোকের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। ভোটব্যাংক রাজনীতির অংশ হিসেবে কিছু রাজনৈতিক দল এই অনুপ্রবেশকে উৎসাহিত করেছে। বাংলাদেশের একটি বিশেষ সম্প্রদায়ের এত বিপুলসংখ্যক লোক কীভাবে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছে, বিজেপি ক্ষমতায় এলে সে বিষয়ে তদন্ত করা হবে।
বিজেপির সভাপতি বলেন, ‘বাংলাদেশের হিন্দুরা নিগৃহীত হলে এবং দেশ ছাড়তে বাধ্য হলে আমরা তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করব না। তবে তাদের বিষয়টি অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখা হবে।’
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দেখার বিষয় হবে, নির্বাচনে জয়লাভের পর বিজেপি বর্তমান অবস্থানে কতটা অনড় থাকে। কারণ, বাংলাদেশ-ভারতের বর্তমান উষ্ণ সম্পর্কের মূলে রয়েছে নিরাপত্তা সহযোগিতা। ফলে বিজেপিকে তা মাথায় রেখেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কাজ করতে হবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচনে বিজেপি কেমন ফল করে, তার ওপর নির্ভর করবে সম্পর্কটা কোন দিকে যাবে। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় মদদ দেওয়ায় পশ্চিমা বিশ্বে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ভাবমূর্তি ততটা ভালো নয়। তাই প্রধানমন্ত্রী হলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাতে হবে তাঁকে।
অবশ্য ইমতিয়াজ আহমেদ এও বলেন, নির্বাচনে এককভাবে ভালো ফল না করলে বিজেপিকে পশ্চিমবঙ্গের তৃণমূলের মতো দলের সঙ্গে জোট বাঁধতে হবে। সে ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের বিষয়ে অনুদার এই দলটির সঙ্গে সুর মিলিয়ে তাকে চলতে হবে। তখন দুই দেশের সম্পর্কের রূপটি কী হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।