বিজেপি নেতার বক্তব্যের নিন্দা প্রতিবাদ
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা সুব্রামনিয়াম স্বামী বাংলাদেশের ভূখণ্ডের এক-তৃতীয়াংশ ছেড়ে দেওয়ার যে দাবি জানিয়েছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট।
গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান পৃথক বিবৃতিতে এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতীয় জনতা পার্টির এক নেতার বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড দাবি শুধু ধৃষ্টতাপূর্ণই নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি প্রদর্শন। তিনি বলেন, ভারতীয় রাজনীতিবিদদের এহেন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আঞ্চলিক সহাবস্থান, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক হবে সুদূরপরাহত। তিনি বলেন, বাংলাদেশ ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে বন্ধুত্ব চায়, আস্ফাালন নয়।
‘খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এ জমি ভারতের হাতে ফেরত দিতে হবে বাংলাদেশকে’—বিজেপি নেতার এ বক্তব্য উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, এ দাবি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি। বর্তমান সরকারের ব্যর্থ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিজেপি নেতা এ দুঃসাহস দেখিয়েছেন।
ইসলামী ঐক্যজোট এ জন্য আওয়ামী লীগের ভারতপ্রীতি ও নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছে।