বিজেপিকে মাঠে নামতে দিচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ১৮ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) মাঠে নামতেই দিচ্ছে না জেলা বিএনপি। জোটের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করতে বিজেপি যখনই মাঠে নামছে, তখনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা ও মারধর করছেন।এসব হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিজেপি গতকাল সোমবার বেলা ১১টায় ভোলা নতুন বাজার চত্বরে নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। জেলা বিজেপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ প্রমুখ।আমিরুল ইসলামের ভাষ্যমতে, শনিবার বিকেলে সদর উপজেলার ভেলুমিয়া ইউনয়নের ৮ নম্বর ওয়ার্ডের শরীফ খাঁর বাজারে এবং ১ নম্বর ওয়ার্ডের পাকিস্তানের হাট বাজারে বিজেপির চেয়ারম্যান ভোলা-১ (সদর) আসনের সাংসদ আন্দালিভ রহমানের পূর্বনির্ধারিত কর্মী সমাবেশ ছিল। এ উপলক্ষে কর্মীরা সাংসদকে অভিনন্দন জানিয়ে ইউনিয়নের পাকিস্তান বাজারে তোরণ নির্মাণ করেন। বিকেলে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ওই তোরণ ও পাকিস্তানের হাট বাজারের মঞ্চ ভাঙচুর করেন। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ১৫-২০টি মোটরসাইকেলে করে গিয়ে ছাত্রদল ও বিএনপির কর্মীরা সাংসদের পথরোধ করার জন্য খেয়াঘাট সেতুতে অবস্থান নেন। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা তাঁদের শহরে ফিরিয়ে আনেন। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাত সাড়ে সাতটার দিকে নতুন বাজার বিজেপির জেলা কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তাঁরা আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেন এবং খালেদা জিয়া ও আন্দালিব রহমানের ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন।তিনি জানান, বিজেপি যখনই ভোলায় ১৮ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করতে গেছে, তখনই ভোলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিজেপির কর্মীদের ওপর হামলা ও মারধর করেছেন। তিনি বলেন, ‘ভোলা-১ আসনে কে নির্বাচন করবে, বিজেপি না বিএনপি, তা নির্ভর করছে খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপর। যাকেই জোটের প্রার্থী করা হবে, আমরা তাঁর নির্বাচন করব। কিন্তু বিএনপি আমাদের মাঠে দাঁড়াতেই দিচ্ছে না।’ভেলুমিয়া ইউনিয়ন বিজেপির সভাপতি আবুল হোসেন খান বলেন, ‘বিএনপি অভিযোগ দিয়েছে, আমরা তাদের কার্যালয় ভাঙচুর করেছি। কিন্তু শত শত মানুষ সাক্ষী, বিএনপি তাদের নিজের কার্যালয় নিজেরা ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এভাবে সুষ্ঠু রাজনীতি করা যায় না।’বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিএনপির কর্মীরা ভেলুমিয়ায় বিজেপির তোরণ ও সভা মঞ্চে হামলা করেছেন। আমাদের ১৫ জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছেন।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া দাবি করেন, ‘বিজেপির কর্মীরা ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন। এর পরই আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে পড়েছে। আর ভোলা বিএনপির ঘাঁটি, সেখানে আমাদের যোগ্য প্রার্থী আছে। আমরা মনোনয়ন চাইতেই পারি। তার পরও যদি খালেদা জিয়া বিজেপিকে মনোনয়ন দেন, তাহলে আমরা চিন্তা করব কার নির্বাচন করা যায়।’