ভারতের লোকসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ে বিএনপি উল্লসিত নয়, বরং আওয়ামী লীগই ‘নার্ভাস’ হয়ে গেছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ দাবি করেন। ‘ভারতের কঠিন আগ্রাসনের কবলে বাংলাদেশ: পরিত্রাণের উপায় ও আশু করণীয়’ শিরোনামে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি’ নামের একটি সংগঠন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অনেকেই বলছেন, ভারতের নির্বাচনের ফলাফলে বিএনপি উল্লসিত। কোথায় দেখলেন বিএনপি উল্লসিত?’ তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় এটা পরিষ্কার যে ভারতের নির্বাচনের ফলাফলে তাঁরা খুব নার্ভাস হয়ে পড়েছেন। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘বিএনপি তো কিছু বলছে না। আপনারা এত নার্ভাস হয়ে গেছেন কেন? নার্ভাস হয়ে কেন এত কথা বলছেন? আপনারা আসলেই কি ভয় পেয়েছেন?’