বিজেপির বক্তব্য নিয়ে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া
দেশের চলমান সংকট সমাধানে প্রত্যাশা ও সহিংসতা বন্ধে সদিচ্ছা প্রকাশের অবস্থানে ভারতকে দেখতে চান বিশিষ্ট নাগরিকেরা। তাঁদের মতে, বৃহৎ ও গণতান্ত্রিক প্রতিবেশী ওই দেশটির কাছ থেকে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানো বা সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখা—কোনোটাই সমর্থনযোগ্য নয়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে পরীক্ষিত ও আস্থাভাজন মিত্র বলে উল্লেখ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা বক্তব্য দেন। বিবিসি বাংলা গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই।
প্রতিবেদনের ওই বক্তব্য নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রতিবেদনটির কিছু অংশ সমর্থন করে বলা হয়েছে, নাম ও পরিচয়সহ দুই মুখপাত্রের দেওয়া বক্তব্য ইতিবাচক। তবে অসমর্থিত বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চান না বিএনপির নেতারা।
ভারতের ওই অবস্থান সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, এটা ভারতের নিজস্ব বক্তব্য। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘ভারতে ক্ষমতাসীন দলের নিজস্ব কৌশল ও অবস্থান থাকতে পারে। কিন্তু নিজের ঘর আমরা কীভাবে সামলাব তা প্রতিবেশী ঠিক করে দেবে না। আমাদের ঘর আমাদেরই ঠিক করতে হবে।’
এক প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, নিজের ঘর সামলাতে হলে সংঘাত বাদ দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করতে হবে। এভাবে মানুষ মারা ও পোড়ানোর ঘটনা যাঁদের ন্যূনতম বিবেক আছে তাঁরাও সমর্থন করতে পারেন না।
ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেন, বর্তমান সংকট ও সহিংস পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায় যদি শান্তির পক্ষে কথা বলেন, সেটি অভিনন্দনযোগ্য। সেই শান্তির জন্য আলাপ-আলোচনা ও সমঝোতা হতে হবে এবং এর ভিত্তিতে নির্বাচন হলে তা গ্রহণযোগ্যতা পাবে।
বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের মতো বৃহৎ ও গণতান্ত্রিক দেশের উচিত কারও পক্ষ-বিপক্ষ নয়, এ দেশের মানুষের পক্ষে কথা বলা। বিবিসির ওই প্রতিবেদনে অসমর্থিত সূত্রের বক্তব্যের আলোকে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে সেগুলো ‘আনডিপ্লোমেটিক’ এবং ‘আনএক্সপেক্টেড’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, একটি শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আলাপ-আলোচনা শুরু করলে এখনকার সংকট থেকে দেশ রক্ষা পেতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, দেশে এমন একটি ধারণা রয়েছে যে আওয়ামী লীগের প্রতি কংগ্রেসের নৈতিক সমর্থন রয়েছে, আর বিএনপির প্রতি রয়েছে বিজেপির সমর্থন। প্রকৃতপক্ষে বিজেপি সরকারে থাকলেও ভারতের বৈদেশিক নীতি সেখানকার জাতীয় স্বার্থে পরিচালিত হয়।
ড. হারুন মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারা ও জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার অবসান ভারতের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। তাই বিজেপি নেতাদের এই বক্তব্য স্বাভাবিক বলে মনে করেন তিনি।
বিএনপি নেতারা বিবিসির প্রতিবেদনটির একটি অংশ আমলে নিতে চান। দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, প্রতিবেদনে নাম প্রকাশ করে বিজেপির জাতীয় মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা অভিনন্দনযোগ্য। কিন্তু নাম-পরিচয় ছাড়া বক্তব্য এবং তাঁর ওপর ভিত্তি করে তিনি মন্তব্য করতে চান না।
উল্লেখ্য, বিজেপির জাতীয় মুখপাত্র এম জে আকবর বলেন, ভারত চায় বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। কিন্তু ভারত তার জন্য হস্তক্ষেপ করতে রাজি নয়।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুক, বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে এটিই আমাদের প্রত্যাশা।’
এই দুজনের বক্তব্য প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, বিএনপিও শান্তিপূর্ণ সমাধান চায়। এ জন্য আলাপ-আলোচনা ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। গণতান্ত্রিক ঐতিহ্যবাহী ভারতও এ বিষয়টি পাশ কাটিয়ে এবং মানুষের দাবির বিপক্ষে কোনো অবস্থান নেবে না বলে মনে করেন বিএনপির ওই নেতা।