বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের নতুন সরকারের উদ্যোগের খবরে দেশটির কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, অবশেষে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) বোধোদয় হয়েছে। গত বুধবার ভারতের পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের এক বৈঠকে সোনিয়া এ কথা বলেন।
দলের সাংসদদের উদ্দেশে সোনিয়া বলেন, ‘আপনারা স্মরণ করতে পারবেন, বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে গত বছর আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এতে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিল বিজেপি। এখন তারা বুঝতে পেরেছে, আমাদের সরকারের ওই উদ্যোগের মধ্যে বিচক্ষণতা ছিল।’
এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতের দ্য ইকোনমিক টাইমস-এর এক খবরে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্থলসীমান্ত চুক্তিতে পার্লামেন্টের সম্মতি নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
এ চুক্তির বিষয়ে বরাবর বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও আসাম বিজেপি। ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্কের বৃহত্তর স্বার্থের খাতিরে বিজেপির পশ্চিমবঙ্গ শাখাকে তাদের অবস্থান নমনীয় করার নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। চলতি মাসের শেষ দিকে এ নিয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা হবে।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর উদ্যোগ নেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সমর্থনের অভাবে চুক্তিটি লোকসভায় অনুমোদন করাতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।