বিজেপির হিন্দুপ্রেম বাংলাদেশের হিন্দুদের অসহায়ত্ব বাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের নতুন হিন্দুপ্রেম বাংলাদেশের হিন্দুদের অসহায় করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন আসামের কংগ্রেস দলীয় সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গতকাল সোমবার ভারতের সংসদ ভবনে এক সাক্ষাৎকারে প্রথম আলোকে তিনি বলেন, নাগরিকত্ব আইনের সংশোধন নিয়ে সরকারের আরও ভাবনাচিন্তা করার দরকার ছিল। এই সংশোধন আসাম ও বাংলাদেশের মানুষজনকে নতুন করে আশঙ্কার মুখে ফেলে কি না, সরকারের তা আরও ভেবে দেখা উচিত ছিল।
তরুণ গগৈ বলেন, ‘আশঙ্কা দুটি। প্রথমত, ভারতের নাগরিকত্ব আইনের পরিবর্তন বাংলাদেশের হিন্দুদের ভারতে চলে আসতে উৎসাহিত করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে শক্তিগুলো হিন্দুদের নানাভাবে ব্যতিব্যস্ত করে, তারাও এই আইনে আরও উৎসাহিত হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেসব হিন্দুর জমিজমা রয়েছে, তাদের তাড়িয়ে জমি দখলের প্রবণতা বেড়ে যাবে।’
আসামে একটানা ১৫ বছরের কংগ্রেসি মুখ্যমন্ত্রী বলেন, আসামের রাজনীতিতে অনুপ্রবেশ বরাবরই বড় ইস্যু হয়ে দেখা দেয়। এবারের ভোটেও বিজেপি নাগরিকত্বের বিষয়কে বড় করে তুলে ধরে। গগৈ বলেন, হিন্দুরা শরণার্থী ও মুসলমানেরা অনুপ্রবেশকারী, বিজেপির এই ভাগাভাগির ফলে আসামের মুসলমানদের মনে নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। তারা ভাবতে শুরু করেছে, এভাবে বিজেপির আমলে রাজ্যে তাদের অস্তিত্ব ক্রমশ বিপন্ন হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দুরা ধীরে ধীরে তাদের কোণঠাসা করে দেবে। এর ফলে আসামে সাম্প্রদায়িক উত্তেজনা আগামী দিনে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তরুণ গগৈ বলেন, ‘এমনিতেই হিন্দুদের ওপর নানা ধরনের অত্যাচার বাংলাদেশে সব আমলেই হয়ে আসছে। বিজেপি সরকারের সহানুভূতির নীতি এবং এইভাবে আইন বদল করে কোল পেতে দেওয়া বাংলাদেশের সেই শক্তিদের বাড়তি উৎসাহ দেবে।’
তরুণ গগৈ মনে করেন, ভারতের নদী সংযুক্তিকরণের যে ধরনের কর্মসূচি বিজেপি সরকার নিয়েছে, তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলা জরুরি। অভিন্ন নদীগুলোর পানিবণ্টন ও অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে ভারতের কাছে বাংলাদেশ যে প্রস্তাব রেখেছে, তিনি তা সমর্থন করেন। তিনি বলেন, ‘নিম্ন অববাহিকার দেশ হিসেবে বাংলাদেশের সমস্যাটা কতখানি তা আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। কারণ, ব্রহ্মপুত্র নিয়েও আমাদেরও ওই সমস্যায় পড়তে হয়েছে।’