বিজেপির ‘ঢাকামুখী’ মিছিল থামিয়ে দিল পুলিশ ও বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন বিষয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-কর্মীরা গতকাল সোমবার ত্রিপুরা রাজ্য থেকে ঢাকা অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। তবে মিছিলটি আখাউড়া সীমান্তের অদূরে আটকে দেয় ভারতের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রত্যক্ষদর্শী ও বিজেপি সূত্রে জানা যায়, দুপুরের দিকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় জড়ো হন বিজেপির সাত থেকে আট শ নেতা-কর্মী। একপর্যায়ে তাঁরা বাংলাদেশের রাজধানী ঢাকা অভিমুখে মিছিল নিয়ে সীমান্তের দিকে যাত্রা শুরু করেন। এতে নেতৃত্ব দেন বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। মিছিলকারীদের লক্ষ্য ছিল, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানানো। তবে এই মিছিলটি যাতে সীমান্তের দিকে না এগুতে পারে সে জন্য আগে থেকেই প্রস্তুত ছিল ভারতের পুলিশ ও বিএসএফ। বিজেপি এ রকম একটি মিছিল করার ঘোষণা দেওয়ার পর সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়। পরে মিছিলটি আখাউড়া সীমান্তের ৫০০ মিটার দূরে পৌঁছালে নিরাপত্তাকর্মীরা সেটি আটকে দেন। আগরতলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণব সরকার জানান, মিছিলকে ঘিরে কোনোও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তাকর্মীরা মিছিলটি আটকে দিলে মিছিলকারীরা পরে আগরতলায় ফিরে যান। পরে তাঁরা সেখানে বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।