বিজ্ঞপ্তি ছাড়া রেজিস্ট্রার 'নিয়োগ' বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি ছাড়া রেজিস্ট্রার ‘নিয়োগ’-এর প্রতিবাদে কর্মকর্তাদের একাংশ গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে ২৮ জুনের মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উপ রেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলমকে এক বছরের জন্য প্রেষণে আনা হয়েছে। যিনি গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন। এ নিয়োগ এককালীন চাকরি নয়।
গতকাল রেজিস্ট্রার নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তাদের একাংশের ব্যানারে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে সমাবেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এ টি জি এম গোলাম ফিরোজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, সেকশন কর্মকর্তা আতিকুজ্জামান প্রমুখ। সমাবেশ থেকে ২৮ জুনের মধ্যে রেজিস্ট্রার নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ ছাড়া একই দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা েদওয়া হয়৷
আন্দোলনকারী কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব খাতে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।
এ প্রসঙ্গে জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণভাবে কোনো রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়নি৷ বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে আনা হয়েছে৷
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য এ কে এম নূর-উন-নবী জানান, ‘এ বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় বেশির ভাগ কর্মকর্তা ও কর্মচারী কর্মক্ষেত্রে নবীন। তাই এক বছরের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পত্র লিখি। তিনি পরিস্থিতি বিবেচনা করে সেখানকার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ টি এম এমদাদুল আলমকে এক বছরের জন্য প্রেষণে পাঠাতে সম্মতি দেন। এ পরিপ্রেক্ষিতে এ টি এম এমদাদুল আলম এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ তাঁকে তাঁর দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।