বিজ্ঞপ্তি ছাড়া তিন শিক্ষকের স্ত্রীসহ চারজনকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের স্ত্রীসহ চারজনকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছেন উপাচার্য। পূজার ছুটির আগে ও পরে দুই দফায় এই চারজনকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়া প্রথম তিনজন হলেন বাংলা বিভাগের সভাপতি ও শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম আবু দায়েনের স্ত্রী আফরোজা রেশমা; একই বিভাগের সহযোগী অধ্যাপক, সিন্ডিকেট সদস্য ও মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদারের স্ত্রী নুজহাত নুয়েরী এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের স্ত্রী নাজমা আকতার। অপরজন সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের আত্মীয় রিফাত জেরিন বলে একাধিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘অনেকগুলো পদ খালি হয়েছে। তাই প্রয়োজনবোধেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্যদেরই নেওয়া হয়েছে। তা ছাড়া পরিচিতদের মধ্য থেকে নিয়োগের বড় কারণ ছিল জামায়াত-শিবির এড়ানো।’
এর আগে গত বছরের ১৩ জুলাই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের চার নেতা এবং দুই কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়কে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সে সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা উপেক্ষা করে এসব নিয়োগদানের অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত রোববার আফরোজা রেশমা প্রশাসনিক ভবনের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। একই দিন নুজহাত নুয়েরী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের কলেজ শাখায় বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে নাজমা আকতার কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রশাসনিক কর্মকর্তার পদে এবং ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে কর্মকর্তা পদে যোগদান করেন রিফাত জেরিন।
এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, ‘অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সব নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই হওয়া উচিত।’