বিজ্ঞপ্তি ছাড়াই নির্ধারিত তারিখের আগে নিয়োগ পরীক্ষা!
বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের কথা আগামী ৩ ফেব্রুয়ারি। তবে সে পরীক্ষা হয়ে গেছে ২০ জানুয়ারি। এমনকি দিনক্ষণ এগিয়ে আনার ব্যাপারে প্রার্থীদের অবহিত করতে দেওয়া হয়নি কোনো বিজ্ঞপ্তিও। ফলে তিন শতাধিক প্রার্থী বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা প্রশাসনের নিয়োগসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওই লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ বেশি বিলম্বে নির্ধারণ হয়ে যাওয়ায় তা এগিয়ে আনা হয়। তবে অনেকেই অভিযোগ করেছেন, জেলা প্রশাসক মিজানুর রহমান বদলি হয়ে খুব শিগগির অন্যত্র চলে যাবেন। তাই বিদায় নেওয়ার আগেই তড়িঘড়ি করে নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে এটা করা হয়েছে। এর বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে।চাকরিপ্রার্থীরা জানান, অনেক চাকরিপ্রার্থীর কাছে পাঠানো প্রবেশপত্রে লিখিত পরীক্ষার তারিখ ৩ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। আবার অনেকের কাছে পাঠানো প্রবেশপত্রে ৩ ফেব্রুয়ারি কালি দিয়ে মুছে পরীক্ষার তারিখ ২০ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।কয়েকজন চাকরিপ্রার্থী জানান, তাঁদের কাছে পাঠানো প্রবেশপত্রে ৩ ফেব্রুয়ারি উল্লেখ করা হলেও তাঁরা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের মাধ্যমে অবগত হয়ে লিখিত পরীক্ষা দিতে সক্ষম হন। তারিখ পরিবর্তনের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।অপর কয়েকজন জানান, ৩ ফেব্রুয়ারি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে গত শুক্রবার লিখিত পরীক্ষা এবং গত শনিবার ও গতকাল রোববার মৌখিক পরীক্ষা দিয়েছেন। তবে তাঁদের পরীক্ষার প্রবেশপত্রে উল্লিখিত তারিখ কেটে ২০ জানুয়ারি করে দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বান্দরবান সদরের লামা এলাকার বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, তাঁরা শুক্রবারের পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন গত বৃহস্পতিবার। বাড়ি জেলা ও উপজেলা সদরে হওয়ায় তাঁরা পরীক্ষার মাত্র এক দিন আগে প্রবেশপত্র হাতে পেয়েও ওই পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। তবে যাঁদের বাড়ি দুর্গম এলাকায়, তাঁদের পক্ষে এত কম সময়ে এসে পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। নিয়োগ কমিটির সদস্যসচিব ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম জানান, ২২টি চতুর্থ শ্রেণী কর্মচারী পদের বিপরীতে ৮০৮ জন আবেদন করেছিলেন। তবে পরীক্ষায় সর্বমোট কতজন অংশ নিয়েছেন, তা জানাতে তিনি অস্বীকার করেন। এমনকি জেলা প্রশাসনের কেউই এ সংখ্যা জানাতে রাজি হননি। তবে নিয়োগ কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রায় ৫০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।