বিজ্ঞপ্তি দিয়েও বন্ধ হচ্ছে না নদীতে ধান চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণবিজ্ঞপ্তি অমান্য করে নাটোরে নদীর বুকে চলছে চাষাবাদ। ছবিটি জেলার আবদুলপুর–ঈশ্বরদী রেলসেতুর নিচ দিয়ে যাওয়া নদীর বুক থেকে গতকাল তোলা l প্রথম আলো
গণবিজ্ঞপ্তি অমান্য করে নাটোরে নদীর বুকে চলছে চাষাবাদ। ছবিটি জেলার আবদুলপুর–ঈশ্বরদী রেলসেতুর নিচ দিয়ে যাওয়া নদীর বুক থেকে গতকাল তোলা l প্রথম আলো

গণবিজ্ঞপ্তি দিয়েও নাটোরের লালপুরের খলিসাডাঙ্গা নদীতে ধান চাষ ঠেকাতে পারছে না স্থানীয় প্রশাসন। প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সম্প্রতি ওই নদীর বুকে ধান চাষ করা হয়েছে। এতে বিলুপ্ত হতে বসেছে দেশীয় প্রজাতির মাছ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি খলিসাডাঙ্গা নদীতে পানি ছেঁকে মাছ ধরা ও নদীতে শুকনা মৌসুমে ধানসহ চাষাবাদ নিষিদ্ধ করে নোটিশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হয়। কিন্তু ইউএনওর এ আদেশ অমান্য করে কিছু মানুষ নদীর পানি সেচে মাছ মারার পর সেখানে ধান চাষ করেছেন।
সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, উপজেলার বাওড়া, চণ্ডীগাছা, বাঁশবাড়িয়া চকনাজিরপুর এলাকার খলিসাডাঙ্গা নদীতে ধান চাষ করা হয়েছে। এতে করে নদীতে দেশীয় প্রজাতির মাছের স্বাভাবিক প্রজনন হ্রাস পাচ্ছে। নদী ভরাট হয়ে যাচ্ছে।
তবে বিভিন্ন এলাকায় খলিসাডাঙ্গা নদীতে ধান চাষ হলেও কেশবপুর এলাকা এর ব্যতিক্রম। এ গ্রামের অংশে নদীতে যথেষ্ট পানি রয়েছে, রয়েছে মাছের অবাধ বিচরণ। এর কারণ হিসেবে এলাকাবাসী বলেন, তিন বছর ধরে এ এলাকায় মাছের অভায়শ্রম গড়ে তুলতে স্থানীয় ব্যক্তিরা উদ্যোগী হয়ে নদীতে বাঁধ দিয়ে পানি সেচে মাছ ধরা ও ধান চাষ নিষিদ্ধ করেছেন। তাই এ এলাকায় কেউ নদীতে ধানসহ কোনো ফসলেরই চাষ করেন না। পানি সেচে মাছও নিধন করেন না।
কেশবপুর গ্রামের আফজাল হোসেন পান্না বলেন, পানি সেচে মাছ না ধরায় নদীতে এ বছর অন্যান্য মাছের পাশাপাশি বোয়াল ও শোল মাছের সংখ্যাও অনেক বেড়েছে। মাছ ধরা উৎসবে এবার অনেক বোয়াল ও শোল ধরা পড়ে।
আড়বাব ইউনিয়ন পরিষদের বোয়ালিপাড়া এলাকার সদস্য মহির বিশ্বাস বলেন, গত বছর উপজেলার চণ্ডীগাছা এলাকায় নদীকে মাছের অভয়াশ্রম ঘোষণা করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ। এ উপলক্ষে খলিসাডাঙ্গা নদী রক্ষার্থে নদীখননের কাজও করা হয়। অথচ কিছু মানুষের কারণে সরকারের এ উন্নয়ন প্রচেষ্টা বিফলে যেতে বসেছে।
লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী বলেন, নদীতে বাঁধ দেওয়া, পানি সেচে মাছ নিধন, নদীতে ধান বা ফসল ফলানো এবং মাছের অবাধ বিচরণে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।