বিজ্ঞপ্তি ৩৭ পদের, লোক নেওয়া হলো ৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অন্তত ১৫ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নিয়ম লঙ্ঘন করে একই গ্রামে একাধিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১৮ মে উপজেলায় ৩৭টি আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জুন মাসে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়। নিয়োগ পাওয়া শিক্ষকেরা ব্যাংক হিসাব খুলতে গিয়ে অতিরিক্ত ৪৯ জন শিক্ষক নিয়োগের বিষয়টি জানতে পারেন।
নিয়োগ পাওয়া শিক্ষক ও এলাকাবাসী অন্তত ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩৭টি পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হলেও গোপনে আরও ৪৯টি পদসহ ৮৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রার্থীর কোনো পরীক্ষাও নেওয়া হয়নি। নিয়োগ দেওয়া এসব প্রার্থীর কাছ থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, নিয়োগ দেওয়া এসব শিক্ষকের কাছ থেকে কমপক্ষে ১৫ লাখ টাকার নিয়োগ-বাণিজ্য হয়েছে। নিয়োগ কমিটির সদস্যসচিব এবং রিচিং আউট অব স্কুল চিলড্রেনের (রস্ক) প্রশিক্ষণ সমন্বয়কারী (টিসি) এ বাণিজ্যের সঙ্গে জড়িত। নিয়োগ কমিটির সদস্যসচিব ও সহকারী শিক্ষা কর্মকর্তা ওলিউল ইসলাম দাবি করেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি কোনো টাকা নেননি। তবে নিয়োগ-বাণিজ্য হয়েছে স্বীকার করে বলেন, ‘আমার নাম করে কেউ নিতে পারে।’ বিজ্ঞপ্তি ছাড়া অতিরিক্ত শিক্ষক নিয়োগ সম্পর্কে তিনি বলেন, ‘পরে সব ঠিক করে নেওয়া হয়েছে।’
নিয়োগ-প্রক্রিয়া ও প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রস্কের টিসি আবদুল আজিজ নিয়োগ-বাণিজ্য ও নীতিমালা লঙ্ঘন বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নিয়োগ-প্রক্রিয়ায় ক্ষমতাসীনদের চাপ ছিল বলে জানিয়েছেন।
আশরাফুল ইসলাম নামের একজন অভিভাবক অভিযোগ করেন, ‘আমার বোনের চাকরি বাবদ শিক্ষা কর্মকর্তা ও টিসির নাম করে ছাত্রলীগের এক নেতা ৩০ হাজার টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পরেই তাঁর নিয়োগ হয়েছে। আমার বোনকে কোনো পরীক্ষাও দিতে হয়নি।’
অনুসন্ধানে জানা গেছে, তক্তপাড়া, দেউলা, চান্দেরআড়াসহ ২২টি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার পরও সেখানে একাধিক আনন্দ স্কুল স্থাপন করা হয়েছে। তক্তপাড়া, চান্দেরআড়া ও দেউলা প্রাথমিক বিদ্যালয়ে এমনিতেই শিক্ষার্থী-সংকট রয়েছে। তার পরও ওই সব গ্রামে দুটি করে আনন্দ স্কুল স্থাপন করা হয়েছে।
তক্তপাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুল ইসলাম জানান, শিক্ষক অনুপাতে তাঁর বিদ্যালয়ে এখনো ছয়জন শিক্ষার্থীর অভাব রয়েছে। উপজেলা নাগরিক কমিটির সদস্য ইসমাইল হোসেন অভিযোগ করেন, নীতিমালা অনুযায়ী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য যেসব গ্রামে বিদ্যালয় নেই, সেখানে আনন্দ স্কুল স্থাপন করার কথা। কিন্তু তা মানা হয়নি।
ইউএনও সাদেকুল ইসলাম বলেন, ‘প্রথমে আমাকে কমিটিতে রাখা হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে। এ জন্য কী হয়েছে তা জানি না।’