গ্রামীণ ব্যাংকে প্রধান নির্বাহী নিয়োগে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে ওই বিজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নিয়োগের জন্য গঠিত নির্বাচক কমিটির চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ করা হয়। পরে এমডি নিয়োগের জন্য শামসুল বারীকে প্রধান করে গত ১১ অক্টোবর একটি নির্বাচক কমিটি গঠন করা হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ১৩ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গ্রামীণ ব্যাংকের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী স্বনামধন্য একটি ক্ষুদ্রঋণ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে নিয়োগ দেওয়া হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন। রিটে দাবি করা হয়, ওই বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও তানিম হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কাশেফা হোসেন। পরে তানিম হোসেইন প্রথম আলোকে বলেন, প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করার ফলে এই সময়ে এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা যাবে না।