চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৫৪ জন। পাসের হার ৬ দশমিক ১৯ শতাংশ। গতকাল সোমবার রাতে ফল প্রকাশ করা হয়। এই ইউনিটে আসন রয়েছে ৫৫১টি।
এ ছাড়া গতকাল দুপুরে ‘জে’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ফল প্রকাশ করা হয়েছে। মোট ৯ হাজার ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৪২ জন। পাসের হার ১২ দশমিক ৬৬ ভাগ। এই ইউনিটে আসন রয়েছে ৯২টি।
ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এ’ ইউনিট ও ‘জে’ ইউনিটে পাসের হার যথাক্রমে ৬ দশমিক ১৯ শতাংশ ও ১২ দশমিক ৬৬ শতাংশ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা কবে হবে তা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টায় ‘জি’ ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ) এবং বেলা আড়াইটায় ‘আই’ ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘এফ’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদের ৫৭৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৯ হাজার ২৯৮টি।