বিজ্ঞান আড্ডায় নানা প্রশ্ন

‘বিজ্ঞানের সীমা কোথায়’, ‘মস্তিষ্কের কত অংশ ব্যবহার করি’, ‘পৃথিবী ঘোরার কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না কেন’—এ রকম বহু প্রশ্ন তরুণদের মনে। তাঁদের এ প্রশ্নগুলোর উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো পরিবারের মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা আয়োজিত ‘বিজ্ঞান আড্ডা’ অনুষ্ঠিত হয়। আড্ডায় সঞ্চালনা করেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
অধ্যাপক ইব্রাহীম বলেন, বিজ্ঞানের কোনো সীমা নেই। আজ যে জিজ্ঞাসার জবাব পাওয়া যাচ্ছে না, তা আগামী দিনে উদ্ঘাটিত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের মেমোরির তুলনা চলে না। কারণ, কম্পিউটারের মেমোরির জায়গার সীমাবদ্ধতা আছে; যা মানুষের মস্তিষ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানুষের মস্তিষ্ক বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
অধ্যাপক ইব্রাহীম বলেন, বলা হয়ে থাকে, ‘আমাদের মস্তিষ্ক বিবর্তনের প্রাথমিক পর্যায়েই তৈরি হয়ে গেছে। সে সময় জীবন ছিল অনেক কঠিন। সে সময় একটি সাপ দেখলে যে অনুভূতি তৈরি হতো, তা আজও মানুষের মনে একই অনুভূতি তৈরি করে। তবে মানুষের মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি বলে অনেক বেশি ও বহুমুখী কাজ করতে পারে। তাই গণনা বা হিসাব করার কাজটি মানুষ করতে শিখেছে। তবে চর্চা বা ব্যবহারের ওপরও মস্তিষ্কের ক্ষমতা কমবেশি হতে পারে বলেন তিনি।
‘বিজ্ঞান আড্ডায়’ আরও উঠে আসে মানুষের চাঁদে যাওয়া না-যাওয়া নিয়ে বিতর্ক। এ প্রসঙ্গে মুহাম্মদ ইব্রাহীম বলেন, এ বিতর্কের আসলেই কোনো ভিত্তি নেই। কারণ, কিছু মানুষ এখনো ‘যড়যন্ত্রতত্ত্বে’ বিশ্বাস করে বলে এসব বিতর্ক চালু আছে।
আড্ডায় উঠে আসে বিগ ব্যাং থিওরির সঙ্গে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটারের সম্পর্ক। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে মানুষের বিবর্তনের ইতিহাস নিয়েও কথা বলেন অধ্যাপক ইব্রাহীম।