বিজ্ঞান উৎসবের চূড়ান্ত পর্ব আজ চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞান উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ শনিবার। চূড়ান্ত পর্বে বিজ্ঞান প্রকল্প ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছে প্রায় ৮০০ শিক্ষার্থী। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আজ বেলা দুইটায় এই প্রতিযোগিতা শুরু হবে।

চট্টগ্রাম নগরের ২৮টি বিদ্যালয় ও কলেজ থেকে ৭৬টি দল (প্রতি দলে তিনজন সদস্য) বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। বিজ্ঞানবিষয়ক কুইজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছে প্রায় ৬০০ শিক্ষার্থী।

প্রতিযোগিতা শেষে আজ সন্ধ্যায় আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানে থাকবে ব্যান্ড দল নাটাইয়ের সংগীত পরিবেশনা।

এর আগে বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে গত ১৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।