বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষ এখন প্রযুক্তিকে বরণ করে নিয়েছে। কাজেই তাদের কাছে বিজ্ঞানের বিভিন্ন দিক যথাযথভাবে তুলে ধরতে পারলেই তা বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় করতে পারবে। গতকাল বৃহস্পতিবার নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের প্রথম সভায় এ কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সভায় জানানো হয়, ট্রাস্ট আনুষ্ঠানিক বিজ্ঞানশিক্ষাকে জোরদার করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানশিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের মানোন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের মতো অনানুষ্ঠানিক শিক্ষাকে জনপ্রিয় করতে কাজ করবে। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমে ‘বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি’-এর মাধ্যমে সংগৃহীত এবং সরকারি ও বেসরকারি অনুদান থেকে পাওয়া অর্থ দিয়ে ট্রাস্টের কার্যক্রমের খরচ মেটানো হবে।সভায় জানানো হয়, ট্রাস্টের উদ্যোগে দেশে চলমান বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ কার্যক্রমকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। এ ছাড়া ট্রাস্ট এশিয়া এবং সার্কভুক্ত দেশগুলোর তরুণ বিজ্ঞানীদের জন্য নিয়মিত সম্মেলন আয়োজনে সহায়তা ও দেশীয় বিজ্ঞানসেবী সংস্থাকে আর্থিক সহায়তা দেবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সচিব নয়ীম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতানা শফি, বিজ্ঞান মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ ট্রাস্টের অন্য সদস্যরা সভায় অংশ নেন।