বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে সরকার শিক্ষা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নূরুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মজলুম জননেতার নামে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদউজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।