বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হয়ে উঠবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশ একদিন শিক্ষা-দীক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হবে। গত শনিবার চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এইউডব্লিউয়ের লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।মজিনা বলেন, ‘নারীর শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশে এইউডব্লিউয়ের মতো একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আশা করা যায়, এখান থেকেই তৈরি হবে যোগ্য মানুষ, দেশ ও বিশ্ব গড়ার কারিগর।’চট্টগ্রামে রাষ্ট্রদূতের এ সফরে তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের মিনসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বেটি ম্যাককালাম। ম্যাককালাম শিক্ষার্থীদের মধ্যে মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, জলবায়ু পরিবর্তনে নারীর ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে এইউডব্লিউ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে ড্যান মজিনা বলেন, এ প্রতিষ্ঠান সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের বরাবরই ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির বেশির ভাগ শিক্ষকই যুক্তরাষ্ট্রের। তা ছাড়া অনেক মার্কিন এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও রপ্তানিসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, বাংলাদেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে। এটি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ। মতবিনিময় সভায় অতিথিদের সামনে এইউডব্লিউয়ের ইতিহাস, একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের অবস্থাসহ বিভিন্ন বিষয় সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরেন এইউডব্লিউয়ের প্রশাসনিক প্রধান রেহানা এ খান, প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) ওমর শরীফ প্রমুখ।