বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীকে এগিয়ে নেওয়ার দাবি
সারা দেশে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ‘শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে সমঅধিকার: প্রশস্ত করে নারীর শোভনীয় কাজের দুয়ার’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা (এনজিও) আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে বক্তারা সরকারের কাছে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার দাবি জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।রাজশাহী: সকালে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ শোভাযাত্রায় জেলা প্রশাসক দিলোয়ার বখ্ত ছাড়াও বিভিন্ন মানবাধিকার ও নারীবাদী সংগঠনের নেতারা অংশ নেন। জয়পুরহাট: সকাল ১০টায় শহরের মাদ্রাসা রোডের মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য পারিবারিক নির্যাতন প্রতিরোধে জয়পুরহাট জেলা জোট বীণাপাণি সরকার, রেহেনা খাতুন, জেসমিন আক্তার, বাসন্তী রানী, হেনরিয়েটা কল্যাণী সরকার, মাহফুজা বেগম, নার্গিস নাজমুন নাহার, নিলুফার জহুর লিলি, তুলসী রানী, আসমা বেগম ও মাহমুদা নাসরিন আক্তারকে সম্মাননা দেয়। নীলফামারী: জেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর উদ্যোগে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, হাসিনা আহম্মেদ, শামীমা রহমান প্রমুখ বক্তব্য দেন। এর আগে সোমবার একই মিলনায়তনে জেলা চেঞ্চ মেকার কমিটি এল এন রোকেয়া, শাকিলা আক্তার, ইসরাত জাহান, রওশন আরা বেগম, শাহেদা খানম, জোবেদা খানম, শিউলী ভৌমিক, রেহেনা বেগম, সুফিয়া বেগম ও বিউটি রায় সম্মাননা দেয়।পঞ্চগড়: সকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। বগুড়া: টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন রুখবে বৈষম্য, রুখবে দুর্নীতি’ শীর্ষক এক আলোচনা সভা সনাকের সভাপতি মীর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে ও পেভর ব্যবস্থাপনায় সকালে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে একটি পদযাত্রা বের করা হয়। সিরাজগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বিভিন্ন এনজিওর কর্মী ও কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।