বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা 'ইগনাইটে'র উদ্বোধন
ইগনাইট (আইজিএনআইটিই) মানে হলো স্পার্ক করে আগুন জ্বালানো। বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কমে গেছে। তাদের মধ্যে ইগনাইটের মতো করে আগ্রহ বা তাদের ভেতরের আগুনকে জ্বালাতে হবে। এ ধরনের উদ্দেশ্যকে সামনে রেখেই শুরু হচ্ছে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ইগনাইট।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে ‘দি ডেইলি স্টার’ ও গ্রামীণফোন। আজ শনিবার দুপুরে ‘ডেইলি স্টার’ কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করা হয়। ‘সায়েন্স ফর দি ইন্টারনেট জেনারেশন’ বা ‘ইন্টারনেট প্রজন্মের জন্য বিজ্ঞান’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, সবকিছু অচল থাকলেও মোবাইল ফোন থাকে সচল। এখানেও আছে বিজ্ঞান। বিজ্ঞান এখন আর শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়। জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিজ্ঞান প্রয়োজন। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কিছু মোকাবিলা করার জন্যই বিজ্ঞান জরুরি। অথচ গণমাধ্যমসহ সব জায়গাতেই বিষয়টি অবহেলিত।
মাহফুজ আনাম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরির পাশাপাশি সরকারকে এ বিষয়টিতে বাজেট বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন বিষয়েও তাগিদ দেওয়া হবে বলে জানান। দীর্ঘমেয়াদি এ কার্যক্রমে শেষ পর্যন্ত গ্রামীণফোন পাশে না থাকলেও নিজস্ব ব্যবস্থাপনাতেই এ কার্যক্রম চালু রাখার কথাও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৫টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দুই লাখ শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। একই সঙ্গে দুই হাজার শিক্ষকের কাছে বিজ্ঞান শিক্ষার প্রয়োগ ও প্রয়োজনীয়তার বার্তাটিও পৌঁছে যাবে বলেই আশা করছে আয়োজন প্রতিষ্ঠান দুইটি। এ ছাড়া এ প্রতিযোগিতায় অভিভাবক এবং বিজ্ঞান সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হবে। বৈজ্ঞানিকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে বৈজ্ঞানিক সম্মেলনেরও আয়োজন করা হবে।
প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানানোর জন্য একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারির দিকে তিনটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ডিসকভার সায়েন্স বিভাগে বিভিন্ন কুইজ বা প্রশ্নোত্তরপর্ব থাকবে। আইডিয়া ফ্লাইট বিভাগে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রোজেক্ট ডিসপ্লে করার সুযোগ পাবে। ইমাজিন দি ফিউচার বিভাগে শিক্ষার্থীরা বিজ্ঞান ভবিষ্যতে কী করতে পারে, তা নিয়ে বিভিন্ন মডেল তৈরি করবে।
সংবাদ সম্মেলনে ‘ডেইলি স্টার’-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শাহরিয়ার শহীদ এবং গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনসের প্রধান সৈয়দ তাহমীদ আজিজুল হক প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।